বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এই রায়ে ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন, ‘সত্যের সৌন্দর্য হলো, এটি অনিবার্যভাবে প্রচার এবং ষড়যন্ত্রের ওপর জয়লাভ করে। আমাদের বিশ্বাস দেয়, অবশেষে ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হয়। আসুন আমরা ঐক্যবদ্ধ হই রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে এবং ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।’
তারেক রহমান আরও লেখেন, ‘আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি যা বিশ্বাস এবং মতাদর্শের বৈচিত্র্যের ওপর ভর করে, বাংলাদেশের জনগণকে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়। সেই যাত্রায়, আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা, প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তোলার আকাঙ্ক্ষা করি।’
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন