জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

বিশেষ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:০২ এএম
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রত্যাশাকে ব্যাহত করে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার পরিপন্থী। ভিন্নমত থাকতে পারে, তবে শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে কিনা বা দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছার ওপর। সেখানে হুমকি, হামলা বা সহিংস আচরণের মাধ্যমে ভয়-ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করে দেওয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিএনপি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ইএইচ