এ জেড এম জাহিদ

গণতন্ত্র ব্যাহত করার ষড়যন্ত্রে দেশবিরোধী শক্তি একত্রিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:১৭ পিএম
গণতন্ত্র ব্যাহত করার ষড়যন্ত্রে দেশবিরোধী শক্তি একত্রিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। পলায়নকৃত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়। তাই নির্বাচন আয়োজকদের বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকতে হবে।”

শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, “এমন কোনো নির্বাচন আয়োজন করা উচিত নয়, যা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ থাকে।” তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলও ভোট বর্জন করেছে; এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে।”

তিনি আরও বলেন, “এ ধরনের প্রহসনমূলক আয়োজনের মাধ্যমে স্বৈরাচারকে পুনর্বাসন করা হচ্ছে। তাই নির্বাচন আয়োজকদের উচিত বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকা।”

ডা. জাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “পলায়নকৃত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি একত্রিত হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়। সকলকে সতর্ক থাকতে হবে।”

ইএইচ