বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফেনীর ফুলগাজীতে। সেখান থেকেই তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার সেই এলাকার বিএনপির কমিটিতে সদস্য করা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে।
বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়াকে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নে সভাপতি হয়েছেন মনির আহম্মদ ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মাহমুদ মজুমদার। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি নুরুল হক খোকন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী; দরবারপুর ইউনিয়নে সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্ব পেয়েছেন।
এছাড়া আনন্দপুর ইউনিয়নে সভাপতি হয়েছেন জিয়া হায়দার নাছির ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক; আমজাদহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন মোহাম্মদ গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার; আর জিএমহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন আবুল হাসেম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন জানান, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন