কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সরকার বাহাদুরকে বলে গেলাম ‘জয় বাংলা’ বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করুন। আমি যেখানে দাঁড়াব, সেখানেই বলব— আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি। জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই।
তিনি বলেন, “আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য। এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না।”
সোমবার বিকেলে উপজেলার ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনা সরকার মানুষকে অত্যাচার করেছে, জুলুম করেছে। তারা ক্ষমতায় থাকা অবস্থায় সিএনজি স্টেশনে চাঁদা তুলেছে। ৫ আগস্টের পর একটি দল আওয়ামী লীগের চেয়ে চার থেকে দশ গুণ বেশি চাঁদাবাজি করেছে। শেখ হাসিনার পতনের সময় মানুষের মনে ধানের শীষ ছিল এক নম্বরে। এখন ধানের শীষ মানে পেটের বিষ।”
তিনি আরও বলেন, “আমি গত ৭ জানুয়ারি এক জনসভায় বলেছিলাম যেই কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছিল, ঠিক একই কাজ করলে বিএনপিকে ভুলে যেতে মানুষের বেশি সময় লাগবে না।”
অনুষ্ঠানে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছবুর খান, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন