লটারির মাধ্যমে ডিসি-এসপির বদলি চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৯:৫৩ পিএম
লটারির মাধ্যমে ডিসি-এসপির বদলি চায় জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনের যথাযথ নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্ব। দলটি নির্বাচন কমিশনের কাছে এই প্রস্তাবনা তুলেছে।

বুধবার নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে জামায়াত, এনসিপিসহ সাতটি দলের নেতারা প্রশাসনের কর্মকাণ্ড ও তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “রদবদলের বিষয়টি হঠাৎ ঘটে গেছে। মনে হচ্ছে কোনো পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে এটি ঘটানো হয়েছে। তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে বদলি করলে প্রশাসনে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব।”

তিনি আরও বলেন, “আগেও নির্বাচনের সময় তফসিল ঘোষণার পর একদিনে সব ডিসি-এসপি রদবদল হয়েছে। তখন জাতি আস্থা রেখেছিল এবং কমপ্লেইন ছিল না। এখন নির্বাচন কমিশনকে এমন একটি নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে হবে।”

জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ এবং আইনজীবী শিশির মনির। তারা নির্বাচন কমিশনের কাছে প্রশাসনের রদবদল ও তফসিল ঘোষণার পর প্রশাসনিক স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন।

ইএইচ