অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর আলোচনার কেন্দ্রে চলে এসেছেন আসিফ মাহমুদ। তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে জোর আলোচনা চলছে, বিশেষত নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দেওয়া নিয়ে। ইতোমধ্যে নিজের ফেসবুক পেজে আসিফকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন নুর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে সাবেক ছাত্রনেতা ও প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলমের সিদ্ধান্ত এখনো প্রকাশ হয়নি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, আসিফের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তিনি বলেন, “দলে যোগদানের বিষয়ে আসিফ মাহমুদের সঙ্গে কথা হয়েছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি, তবে আমরা ইতিবাচক। তিনি এলে সম্মানজনক পদ দেওয়া হবে। অতীতেও আমরা আন্দোলনে একসঙ্গে ছিলাম।”
নিজের ফেসবুক পোস্টে নুর লিখেছেন, আসিফ হঠাৎ উঠে আসা মুখ নয়। ফ্যাসিবাদের কঠিন সময়ে রাজপথের সংগ্রাম থেকে তৈরি হওয়া নেতা, আমার রাজপথের সহযোদ্ধা।
তিনি আরও লিখেছেন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ। এখনো কোনো রাজনৈতিক দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি, তবে শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে ধারণা।
নুর বলেন, দায়িত্বে থাকলে মানুষ নানা অভিযোগের মুখোমুখি হয়। বয়সজনিত অনভিজ্ঞতায় আসিফ কিছু ভুল করে থাকতে পারে, তবে তার সংগ্রামী ভূমিকা এসব ভুলকে ছাপিয়ে যায়। তিনি আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন