আসিফ মাহমুদ

নেতৃত্বহীন করার ষড়যন্ত্রে হাদি, হিটলিস্টে আরও অনেকে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:০৯ এএম
নেতৃত্বহীন করার ষড়যন্ত্রে হাদি, হিটলিস্টে আরও অনেকে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকে দেশের নেতৃত্বকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে সতর্কতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, পরাজিত শক্তি কর্তৃক তৈরি করা 'হিটলিস্টে' আরও অনেকে রয়েছেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদনের পর রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের ভবিষ্যৎ ও নিরাপত্তা বিষয়ে এই উদ্বেগ প্রকাশ করেন।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমাদের প্রাপ্তি সীমিত হলেও একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র আমরা অর্জন করেছি। এই অর্জনকে রক্ষা করতে ৫৪ বছর ধরে সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে।

তিনি উল্লেখ করেন, একাত্তরে পাকিস্তানি বাহিনী দেশকে নেতৃত্বহীন এবং মেধাশূন্য করার চেষ্টা করেছিল। আজ একই ধরনের হুমকি নতুন রূপে উপস্থিত হয়েছে। তিনি বলেন, ২৪-এর পরাজিত শক্তি দেশের নেতৃত্বগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, যার অংশ হিসেবে হামলার শিকার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। পাশাপাশি, আরও অনেককে হিটলিস্টে রাখা হয়েছে।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আশ্বস্ত করেন, একাত্তরের মতো এই ষড়যন্ত্রও সফল হবে না। পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো পরিকল্পনা এবারও সফল হবে না।

জেএইচআর