নতুন নেতৃত্বে ছাত্রশিবির: সবার নজর সম্মেলনে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৬:৩৯ পিএম
নতুন নেতৃত্বে ছাত্রশিবির: সবার নজর সম্মেলনে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন বছরের নেতৃত্ব নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল এখন তুঙ্গে। 

আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির ‘কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫’। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারের সম্মেলন থেকে নতুন নেতৃত্ব নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দলীয় সূত্র অনুযায়ী, গঠনতান্ত্রিক নিয়ম মেনে সারাদেশের সদস্যদের সরাসরি গোপন ভোটের মাধ্যমে নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবেন। বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম দীর্ঘ ছাত্রত্ব শেষে নতুন বছর থেকে দায়িত্ব ছাড়তে চাওয়ায় এই সম্মেলনের গুরুত্ব আরও বেড়েছে। এবারের সভাপতি পদের দৌড়ে আলোচনায় রয়েছেন বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

শিবিরের ঐতিহ্য অনুযায়ী সাধারণত বিদায়ী সেশনের সেক্রেটারি জেনারেলই পরবর্তী সভাপতি নির্বাচিত হয়ে থাকেন। এছাড়া আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী, সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এক বছরের জন্য সভাপতি নির্বাচন করেন। নির্বাচিত সভাপতি পরে কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে একজনকে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন। শিবিরের ৫০ বছরের ইতিহাসে এ পর্যন্ত ৩৩ জন সভাপতির মধ্যে ৩০ জনই আগে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২৬ ডিসেম্বর সকাল ৮টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে। এতে দেশ-বিদেশের বরেণ্য অতিথিরা বক্তব্য রাখবেন। দুপুর ২টা থেকে শুরু হবে সমাপনী অধিবেশন, যেখানে নতুন সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হবে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

বিশ্লেষকরা মনে করছেন, ২০২৫ সালের নতুন কমিটির সামনে বড় চ্যালেঞ্জ হলো জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখা এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী ছাত্ররাজনীতিকে এগিয়ে নেওয়া। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগে সংগঠনটির প্রভাব ও ভাবমূর্তি সংহত করাই হবে নতুন নেতৃত্বের প্রধান লক্ষ্য।

ইএইচ