এক্সপ্রেসওয়ের বর্জ্য সরাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৫৩ এএম
এক্সপ্রেসওয়ের বর্জ্য সরাবে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা পরবর্তী বর্জ্য সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বিএনপি।

শুক্রবার সকাল থেকে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট), বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বর্জ্য অপসারণের কাজ পরিচালনা করছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা কেন্দ্র করে গতকাল বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ রাস্তায় লাখো মানুষের ঢল নামে। এই বিশাল জনসমাগমের ফলে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক বর্জ্য ও আবর্জনা সৃষ্টি হয়। জনস্বার্থ ও পরিবেশের কথা বিবেচনা করে এসব বর্জ্য দ্রুত অপসারণের সিদ্ধান্ত নেয় দলটির হাইকমান্ড।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, "৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও এয়ারপোর্ট রোড এলাকায় সৃষ্ট সব বর্জ্য জনস্বার্থ বিবেচনায় অপসারণে বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম আজ সকাল থেকে শুরু হবে।" 

তিনি এই উদ্যোগে অংশগ্রহণকারী নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি গতকালের গণজোয়ারে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, বিশাল রাজনৈতিক সমাবেশের পর সৃষ্ট বর্জ্য নিজ উদ্যোগে পরিষ্কার করার এই সংস্কৃতি জনবান্ধব রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ইএইচ