জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের গুরুভার সামলাবেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এ সময় আসিফ মাহমুদ তার পাশেই উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, এনসিপি এখন পুরোপুরি নির্বাচনী যাত্রায় প্রবেশ করেছে। আসিফ মাহমুদ নিজে নির্বাচনে অংশ না নিলেও এনসিপির মনোনীত প্রার্থীদের জয়ী করে আনতে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন। এ কারণেই তাঁকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
আসিফ মাহমুদের এই যোগদান নিয়ে গত কয়েক দিন ধরেই রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন ছিল। ইতিপূর্বে তিনি ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দলের বৃহত্তর স্বার্থে এবং নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনের লক্ষ্যে নিজের প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নাহিদ ইসলাম আরও যোগ করেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে এনসিপি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে চায়, যেখানে পদের চেয়ে দলের লক্ষ্য ও আদর্শকে গুরুত্ব দেওয়া হবে। আসিফ মাহমুদের অভিজ্ঞতা ও দক্ষতা দলকে আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে বিশেষ সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন