পোস্টাল ব্যালটে অনিয়ম এবং ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ গোষ্ঠীর প্রভাব বিস্তারসহ বিভিন্ন অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) সামনে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
কমিশনের পক্ষ থেকে এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে সোমবার সন্ধ্যা ৬টায় ছাত্রদলের নেতাকর্মীরা ইসি চত্বর ত্যাগ করেন।
ইসি থেকে আশ্বাসের বার্তা গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, তাদের উত্থাপিত তিনটি অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে। তিনি বলেন, কমিশন আমাদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং অনুরোধ জানিয়েছে আজকের মতো কর্মসূচি স্থগিত করতে। সেই আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় ছাত্রদল আলোচনার ভিত্তিতে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছে।
ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ছাত্রদল সভাপতি আন্দোলনের মাঠ ছাড়লেও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন নির্বাচন বানচালের চেষ্টা চালায় কিংবা ইসিকে প্রভাবিত করার চেষ্টা করে, তবে ছাত্রদল তা কঠোরভাবে মোকাবেলা করবে। আমাদের বাধ্য করবেন না, আমাদের কাজ আমরা করব। গত দুই দিনের অবস্থান কর্মসূচির মাধ্যমে ছাত্রদল নিজেদের শক্তির জানান দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচনী প্রচারণার ঘোষণা রাকিবুল ইসলাম রাকিব আরও জানান, আগামী ২২ জানুয়ারি থেকে জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে। তিনি বলেন, যাদের ষড়যন্ত্রের কারণে আমাদের দুই দিন এখানে রাজপথে থাকতে হলো, তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত থাকব। পুনরায় কোনো ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত এলে আমরা রাজপথে নতুন কর্মসূচি নিয়ে হাজির হব।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন