অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১২:০৬ এএম
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফজলুর রহমান

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে অসুস্থ বোধ করায় কিশোরগঞ্জের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভৈরবের জনসভায় যোগদানের উদ্দেশে বাজিতপুরের পথে রওনা হয়েছিলেন ফজলুর রহমান। পথে অসুস্থ বোধ করলে সঙ্গে থাকা লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দীন ভুঁইয়া জানান, বর্তমানে তিনি সুস্থ আছেন। হাসপাতালে আনার পর তার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল, অক্সিজেন দেওয়ার পর তা কমেছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে সব রিপোর্ট হাতে এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ইএইচ