শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।
সংক্ষিপ্ত জীবনকাল আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
কারাবরণ ও প্রবাস জীবন ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাসভবন থেকে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন কোকো। পরবর্তীতে ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য তিনি সপরিবারে ব্যাংকক যান। চিকিৎসা শেষে তিনি মালয়েশিয়ায় চলে যান এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই সপরিবারে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।
আজকের কর্মসূচি আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত করেন। দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামের নেতৃত্বে ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ কবর জিয়ারত করবেন।
বিএনপির মিডিয়া সেল জানায়, বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন