রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে লঙ্কাকাণ্ড: ফের ডিম হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:৫৮ পিএম
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে লঙ্কাকাণ্ড: ফের ডিম হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনী উত্তাপের মধ্যেই আবারও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গত শুক্রবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ মঙ্গলবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকার হাবিবুল্লাহ বাহার কলেজে তাঁর ওপর আবারও ডিম নিক্ষেপ করা হয়েছে।

এ নিয়ে চার দিনের ব্যবধানে দুইবার ডিম হামলার শিকার হলেন উদীয়মান এই রাজনৈতিক নেতা। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এনসিপি দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। বেলা সাড়ে ১১টার দিকে তিনি কলেজের মূল ফটকে পৌঁছালে সেখানে একদল যুবক তাঁর গতিরোধ করে। এ সময় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে ওই যুবকদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হঠাত করেই একদল লোক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করে।

ঘটনাস্থলে উপস্থিত এনসিপির কর্মীরা দ্রুত তাঁকে কর্ডন করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ডিমের আঘাতে তাঁর পোশাক নষ্ট হয়ে যায়। আকস্মিক এই হামলায় অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার পরপরই এনসিপির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতাদের দাবি, ছাত্রদল পরিচয় দিয়ে একদল উচ্ছৃঙ্খল লোক এই হামলা চালিয়েছে। তবে কেন বা কী কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে একজন প্রার্থীর ওপর এমন ন্যাক্কারজনক হামলা চালানো হলো, সে বিষয়ে এনসিপি নেতারা এখনো বিস্তারিত কিছু বলেননি।

জাতীয় নাগরিক পার্টির একজন সমন্বয়ক সংবাদমাধ্যমকে বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল বারবার এই ধরনের ঘৃণ্য পথ বেছে নিচ্ছে। আমরা এর বিচার চাই।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করার সময় অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি তাঁর ওপর ডিম ছুড়েছিল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। শুক্রবারের ঘটনার রেশ না কাটতেই আজকের এই পুনরাবৃত্তি প্রার্থীর নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা সটকে পড়ে। শান্তিনগর ও কাকরাইল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাবিবুল্লাহ বাহার কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনার তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের এই নির্বাচনে নতুন রাজনৈতিক দল ও তরুণ প্রার্থীদের উপস্থিতি বাড়ায় পুরোনো ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরণের অস্থিরতা দেখা দিচ্ছে। ডিম নিক্ষেপের মতো ঘটনা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য শুভ নয়।

বিকেল পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের করা না হলেও এনসিপি নেতারা জানিয়েছেন, তারা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এএন