ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য এবং অপপ্রচার সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার দিবাগত রাত ২টা ৪ মিনিটে এক ফেসবুক পোস্টে তিনি এই সতর্কতা জারি করেন।
নাহিদ ইসলাম একটি ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠানের ছবি শেয়ার করে জানান, তাঁর নামে বেশ কিছু ভুয়া ঘোষণা প্রচার করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, এ ধরনের কোনো ঘোষণা তিনি দেননি। একই সাথে তিনি ভোটারদের কোনো ধরনের প্ররোচনায় পা না দিয়ে সচেতন থাকার অনুরোধ জানান।
এদিকে, নির্বাচনের প্রাক্কালে তরুণদের সংগঠন 'ইনকিলাব মঞ্চ' ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। বুধবার রাত ৯টা ৫৭ মিনিটে এক পোস্টে সংগঠনটি জানায়, তারা কোনো নির্দিষ্ট দল বা মার্কাকে সমর্থন করছে না। তবে ভোটারদের প্রতি তাদের অনুরোধ, নিজ নিজ আসনের সবচেয়ে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিন। একই সাথে গণভোটে 'হ্যাঁ' ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে সেখানে।
নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে, ভোট কেনাবেচার কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক বিজ্ঞপ্তিতে জানান, ভোট কেনাবেচা একটি দণ্ডনীয় অপরাধ। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অর্থ ছড়ানোর অভিযোগ পাওয়ার পর কমিশন এই কড়া হুঁশিয়ারি প্রদান করে।
এর আগে বুধবার সন্ধ্যায় বিএনপি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নির্বাচনে অর্থ ছড়ানোর অভিযোগ তোলে। অন্যদিকে, বিএনপি নেত্রী এ্যানি চৌধুরীর গাড়িতে টাকা পাওয়া সংক্রান্ত ঘটনার বিষয়েও দলটির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রগুলোতে নজরদারি বৃদ্ধি করেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন