স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেটুকু ঘাটতি ছিল, তা উন্নয়নের চেষ্টা করা হবে।
বুধবার সচিবালয়ে নতুন সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরকারের প্রধান চ্যালেঞ্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের মূল চ্যালেঞ্জ হলো জাতি গঠন করা। প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। এই মন্ত্রিসভা মানুষের সমস্যা সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রই আমাদের প্রধান উপাদান। স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি তৃণমূলের মানুষের সঙ্গে সম্পৃক্ত। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে।
দেশের আইনশৃঙ্খলা ও অর্থনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পরিস্থিতি যতটা খারাপ বলা হচ্ছে, আসলে ততটা নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ব্যাষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। ব্যাংক খাতও নিয়ন্ত্রণে আসছে।
বিগত সময়ের মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, একটি বড় গণঅভ্যুত্থানের পর সবকিছু মুহূর্তেই ঠিক হয়ে যায় না। তবে নির্বাচিত সরকার আসাই একটি বড় অর্জন। এই অর্জনকে কাজে লাগিয়ে সব অসংগতি দূর করা হবে।
নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবাই এই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক হিসেবে স্বীকৃতি দিয়েছে। সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে বলেই আজ একটি নির্বাচিত সরকার কাজ শুরু করতে পেরেছে।
আওয়ামী লীগ প্রসঙ্গে সরকারের সিদ্ধান্ত পরে রাজনৈতিকভাবে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে কোনো শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন