প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে মানহানিকর বক্তব্য এবং অপরাধমূলক হুমকির অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আদালতে হাজিরার জন্য সমন জারি করা হয়েছে।
রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই সমন জারি করেন।
এর আগে রমনা থানার বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতি নিশ্চিত করতে এই সমন জারি করেছে।
বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম বলেন, “আজ সকালে আমরা মামলার আবেদন জমা দিয়েছি। শুনানির পরে আদালত নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতির জন্য সমন জারি করেছেন।”
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজে মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য ছড়াচ্ছেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে প্রকাশিত তাঁর বক্তব্য অনলাইনে ভাইরাল হয়ে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক মর্যাদায় ক্ষতি করেছে বলে অভিযোগ করা হয়।
বাদীর পক্ষের দাবি, নাসীরুদ্দীন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে মির্জা আব্বাসের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য এসব মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, যা সভ্য সমাজের রীতি ও শিষ্টাচারের পরিপন্থী।
আদালত সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী এই মামলায় যথাযথ সময়মতো হাজিরা না দিলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন