বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, বিএনপি প্রতিটি বিষয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ অনুসরণ শুরু করেছে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বিএনপি আর আমরা একসময় একই সঙ্গে মজলুম ছিলাম। তবে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই আপনারা হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না; বড়জোর একটি দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন।’
তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগ একসময় পুরো জাতিকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত, আজ তাদের দশা সবার জানা। বিএনপিও এখন ঠিক একই কাজ শুরু করেছে। আওয়ামী লীগের পোষ্য লাঠিয়াল বাহিনী যেমন দুঃসময়ে তাদের পাশে দাঁড়ায়নি, বিএনপির ক্ষেত্রেও তেমনটা হতে পারে।
জামায়াত আমির অভিযোগ করেন, রাষ্ট্রের সুশাসন ও সংস্কারের প্রতিটি বিষয়ে বিএনপি বিরোধিতা করছে, যা জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। তিনি বলেন, বিএনপি তাদের নিজস্ব ৩১ দফা কর্মসূচিরও এখন বিরোধিতা করছে। সম্ভবত তারা কীসের বিরোধিতা করছে, সেই জ্ঞানটুকুও হারিয়ে ফেলেছে। শফিকুর রহমান বলেন, ‘যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছে, সেদিন থেকেই বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে।’
জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের অবদান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই আন্দোলন না হলে আপনারা আজ ক্ষমতার স্বাদ নিতে পারতেন না। ৫ আগস্টের পর ৭ আগস্টেই আপনারা নির্বাচনের দাবি তুলেছেন, অথচ শহীদ পরিবারগুলোর দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করেনি।
তিনি আরও বলেন, এই বিপ্লবের ফলেই প্রবাসীরা দেশে ফেরার সুযোগ পেয়েছেন। অথচ এখন কেউ কেউ নিজেকে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ দাবি করছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের সম্মান করতে এবং তুচ্ছতাচ্ছিল্য না করার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে শিশু-কিশোর ও নারীরা নিরাপদে চলাচল করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের হাতে দা-কুড়াল নয়, খাতা-কলম দেখতে চাই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই শুধু ২০২৪ সালেই ছিল না, জুলাই প্রতি বছরই আসে। জনগণের রায় ও জুলাইয়ের চেতনাকে সম্মান না করলে সেই জুলাই আবার ফিরে আসবে এবং ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনা করবে।’
তিনি আরও স্পষ্ট করেন যে, গণভোটের রায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের লড়াই সংসদের ভেতরে ও বাইরে সমানতালে চলবে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন