নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২৬, ১১:০৬ এএম
নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার ১ মে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। বিকেল ৩টায় শুরু হবে এই কর্মসূচি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতেই মহান মে দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। কেন্দ্রীয় নেতাদের প্রত্যাশা, এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে।

সমাবেশকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। জরুরি সেবা-বিশেষ করে অ্যাম্বুল্যান্স চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও থাকবে।

এম জি