কর্নেল অলি

মমতাকে হারানোর পেছনে হাসিনার হাত রয়েছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:৫৪ এএম
মমতাকে হারানোর পেছনে হাসিনার হাত রয়েছে
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন অলি আহমদ। তার দাবি, শেখ হাসিনার পরামর্শে ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় আনা হয়েছে।

রোববার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতা অনুসরণ করে ভোটে কারচুপির কৌশল প্রয়োগ করা হয়েছে। তার অভিযোগ, নির্বাচনের পর সেখানে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনাও ঘটছে। সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি দাবি করেন, মুসলমানদের ওপর সহিংস আচরণের খবর প্রকাশিত হয়েছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুললেও তাদের জোট আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, গণভোটের মাধ্যমে জনগণ ‘জুলাই সনদ’-এর পক্ষে মত দিলেও পরে রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে, যা বর্তমান সংকটের কারণ।

সরকারপ্রধানের উদ্দেশে অলি আহমদ বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দিতে হবে। ক্ষমতায় টিকে থাকতে হলে জনসমর্থন, নীতি ও নৈতিকতার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিশ্ব ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। একই সঙ্গে দেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সার সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও উদ্বেগ জানান তিনি।

সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রভাব বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের চাপে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে, যা ভবিষ্যতে বড় ধরনের অস্থিরতার কারণ হতে পারে।

সেমিনারে সভাপতিত্ব করেন মুহাম্মাদ নজরুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

এএন