বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আনা অনিয়মের অভিযোগের জবাবে সুনির্দিষ্ট ফাইল প্রকাশের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রীর অভিযোগের স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। কোন ফাইলে অনিয়ম হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, কোনো অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, সচিব বিদেশে অবস্থান করলে বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করতে পারেন এবং সেটিও মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনক্রমেই হয়ে থাকে। এ ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হলে সেখানে আইনের ব্যত্যয় ঘটে না বলেও দাবি করেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
একই সঙ্গে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন কমিটির কার্যক্রম তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পিরোজপুরের উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, কাজ ছাড়াই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার উন্নয়ন প্রকল্পগুলো স্থবির হয়ে আছে। দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন