কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি রাজনৈতিক দলকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া নিয়ে সরকারের অবস্থান অস্পষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের ভেতরেই মতবিরোধ রয়েছে। কেউ বলছেন শর্তসাপেক্ষে অংশ নিতে পারবে, আবার কেউ বিরোধিতা করছেন। এতে সরকারের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির ৫ দফা দাবি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসক পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারপরও কিছু প্রশাসক সরকারি লোগো ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন, যা নীতিবহির্ভূত।
তিনি অভিযোগ করেন, রাজধানীর দুই সিটি করপোরেশনের প্রশাসকরা মেয়র পদে প্রচারণা চালাচ্ছেন এবং তাদের পদত্যাগ না করেই নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন।
এ ছাড়া ঈদুল আজহায় কোরবানির হাটের ইজারা প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগও তুলে ধরেন তিনি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন