প্রযুক্তিগত উদ্ভাবনে আরও এক ধাপ এগিয়ে গেল টেলিটক বাংলাদেশ লিমিটেড। সাশ্রয়ী মূল্যে সাধারণ গ্রাহকদের হাতে স্মার্টফোনের সুবিধা পৌঁছে দিতে আজ বৃহস্পতিবার চালু করা হলো “বাটন ফোনে স্মার্টফোনের সুবিধা” শীর্ষক ৪জি ক্লাউড VoLTE হ্যান্ডসেট বান্ডল অফার।
টেলিটকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই নতুন সেবাটির উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকসহ টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই টেলিটক গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় টেলিটক নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে স্মার্টফোনের সুবিধা সমন্বিত “৪জি ক্লাউড VoLTE হ্যান্ডসেট বান্ডল অফার”। শীর্ষ প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই নতুন অফারের আওতায় গ্রাহক মাত্র ৳২,৪৯৯/- টাকায় পাচ্ছেন সিমসহ ৪জি ক্লাউড হ্যান্ডসেট।
এই সেবাটির মাধ্যমে গ্রাহক পাচ্ছেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক উপভোগ করার সুবর্ণ সুযোগ। সাথে ট্যাগিং অফার হিসেবে ৭ দিন মেয়াদে ২ জিবি ডেটা পাচ্ছেন একদম ফ্রি।
এছাড়া, মাত্র ৪৯ টাকায় ২৫ মিনিট + ১০ এসএমএস ও ২ জিবি এবং ৮৯ টাকায় ৫০ মিনিট + ২০ এসএমএস ও ৫ জিবির আকর্ষণীয় দুটি বান্ডল অফার রয়েছে, যার মেয়াদ যথাক্রমে ১৫ দিন ও ৩০ দিন। গ্রাহক USSD Code ডায়াল করার মাধ্যমে উক্ত বান্ডল অফারসমূহ আজ থেকে ৬ মাস সময় পর্যন্ত যত খুশি ততবার গ্রহণ করতে পারবেন।
প্রাথমিকভাবে, ঢাকার গ্রাহক সেবা কেন্দ্র গুলশান-১, আজিমপুর, মিরপুর-১০, শেরে-বাংলা নগর, উত্তরা পোস্ট অফিস, শ্যামলী এবং ঢাকার বাইরে উত্তর অঞ্চলের রংপুর ও রাজশাহী, চট্টগ্রামের দামপাড়া ও কক্সবাজার গ্রাহক সেবা কেন্দ্র থেকে হ্যান্ডসেটটি ক্রয় করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন