ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে জয়ে ফিরেছে আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের ১৬৯ রানের জবাবে পাকিস্তান থেমে যায় ৯ উইকেটে ১৫১ রানে।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও আফগানিস্তানকে দারুণ জুটি গড়ে এগিয়ে নেন সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ১১৩ রান। সমান ৪৫ বল খেলে আতাল করেন ৬৪ এবং জাদরান করেন ৬৫ রান। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও লড়াই করার মতো রান তুলে নেয় আফগানরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যর্থ হয় পাকিস্তানের ব্যাটাররা। ১৫তম ওভারের প্রথম দুই বলে টানা উইকেট তুলে নেন রশিদ খান, তখন ১০৩ রানেই ৮ উইকেট হারায় পাকিস্তান। গ্যালারি ছাড়তে থাকেন সমর্থকেরা।
শেষ দিকে হারিস রউফ ঝোড়ো ব্যাটিংয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। হ্যাটট্রিক এড়ানোর পর তিনি ১৬ বলে অপরাজিত ৩৪ রান করেন। তবে তার এই ইনিংস কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে।
এর আগে পাকিস্তানের হয়ে ফখর জামান ১৮ বলে ২৫, সালমান আগা ১৫ বলে ২০ এবং সাহিবজাদা ফারহান ১৩ বলে ১৮ রান করেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন