আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ১২:১০ এএম
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায়ের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্যেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়ে এগিয়ে যায় জাকের আলির নেতৃত্বাধীন টাইগাররা।

শারজাহতে শুক্রবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচেও দারুণ এক রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ওপেনাররা। তবে মাঝ ও নিচের সারিতে কয়েক দফা ধস নামলেও শেষদিকে স্নায়ু-ক্ষয়ী লড়াইয়ে শান্ত, জাকের ও বোলারদের দৃঢ়তায় জয় নিশ্চিত হয়।

এর আগে আফগানিস্তানের ইনিংসে নিয়ন্ত্রিত বোলিং করেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে স্পিনারদের সাফল্যে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখা সম্ভব হয়।

জয়ের পর বাংলাদেশ দলের খেলোয়াড়রা জানান, এশিয়া কাপে ব্যর্থতার পর এই সিরিজ জয়ে তারা নতুন প্রেরণা খুঁজে পাচ্ছেন।

দলীয় অধিনায়ক জাকের আলি বলেন, “খেলোয়াড়রা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল। আমরা ধাপে ধাপে লক্ষ্য পূরণ করেছি। এই জয়ে সবাই আত্মবিশ্বাসী।”

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার একই ভেন্যুতে। তবে সেটি এখন আনুষ্ঠানিকতা মাত্র, কারণ ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

ইএইচ