টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:২২ পিএম
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চার ম্যাচ পর ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। এবার সামনে সুযোগ আরও বড় প্রায় সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়।

সেই লক্ষ্যেই তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

মঙ্গলবার দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজে ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ জয় পেলেই নিশ্চিত হবে সিরিজ শিরোপা। অন্যদিকে, হার এড়াতে ও সিরিজে সমতা ফেরাতে মরিয়া ক্যারিবীয় দল।

২০২২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেই সফলতার পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্ন দেখছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়রা ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায়। দলের হয়ে একমাত্র ব্র্যান্ডন কিং কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। অনেকেই মিরপুরের উইকেটকে ব্যাটসম্যানদের জন্য কঠিন বললেও, ওয়েস্ট ইন্ডিজ শিবির থেকে পিচ নিয়ে কোনো অভিযোগ শোনা যায়নি।

দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ নিশ্চিতের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। ইনজুরির কারণে বিশ্রামে থাকা পেসার তাসকিন আহমেদের বদলে একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

জেএইচআর