জাহানারা আলম ইস্যুতে সরব তামিম ইকবাল, স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৩:৫০ পিএম
জাহানারা আলম ইস্যুতে সরব তামিম ইকবাল, স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পেসার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে সরব হয়েছেন। তিনি বিসিবির বাইরে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং আরও ভুক্তভোগীদের সাহস নিয়ে সামনে আসার বার্তা দিয়েছেন।

শুক্রবার ফেসবুকে দেওয়া পোস্টে তামিম লিখেছেন, “জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর। সেগুলো সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক হওয়ার কারণে নয়, যে কোনো স্তরের ক্রিকেটার, যে কোনো খেলার ক্রীড়াবিদ বা যে কোনো নারী—কারো প্রতিই এমন আচরণ গ্রহণযোগ্য নয়।”

তিনি বিসিবি সংশ্লিষ্টদের বাইরে রেখে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন। তামিম বলেন, “বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে, তবে আমি মনে করি জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি থাকা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। এতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ থাকবে না। কমিটি দ্রুত গঠন করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা এবং দোষীদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।”

সাবেক অধিনায়ক আরও বলেন, “কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার যখন দল নিয়ে গুরুতর অভিযোগ করেন, তা অবশ্যই খতিয়ে দেখা উচিত। যাচাই না করে দ্রুত উড়িয়ে দেওয়া কাম্য নয়।”

তিনি আরও সবাইকে সাহস নিয়ে মুখ খোলার আহ্বান জানিয়েছেন। “জাহানারার অভিযোগের পর বিভিন্ন ঘটনার কথা জানতে পারছি। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা হেনস্থার শিকার হয়েছেন, সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটি প্রয়োজন। আমাকে ও আমাদের পাশে পাবেন।”

তামিম বলেন, “যদি জাহানারার অভিযোগের যথাযথ ব্যবস্থা নেওয়া না হয়, ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে এবং খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না।”

ইএইচ