নারী ক্রিকেটারদের উদ্দেশে সতর্কবার্তা গাভাস্কারের

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৬:৩০ পিএম
নারী ক্রিকেটারদের উদ্দেশে সতর্কবার্তা গাভাস্কারের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মেতেছে গোটা ভারত। বিজয়ের এই জোয়ারে যখন চারপাশে অভিনন্দন ও প্রশংসার ঢল, তখনই ভিন্ন সুরে সতর্কবার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

নিজের সাপ্তাহিক কলামে তিনি লিখেছেন, মেয়েরা, তোমরা এক অসাধারণ অর্জন করেছো। কিন্তু মনে রেখো—সবাই তোমাদের পাশে দাঁড়াবে না আন্তরিকভাবে। অনেকেই তোমাদের সাফল্যের কাঁধে চড়ে নিজেদের নাম উজ্জ্বল করতে চায়।

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য গাভাস্কার স্মরণ করিয়ে দেন পুরোনো অভিজ্ঞতার কথা। আমাদের সময়ও এমন প্রতিশ্রুতির বন্যা দেখা গিয়েছিল। কোটি টাকার পুরস্কার, সরকারি অনুদান, বিজ্ঞাপনের সুযোগ—সবকিছুই শুধু মুখের কথা ছিল। মাস কয়েকের মধ্যেই সব উধাও। এবারও সেই একই গল্প দেখতে পাচ্ছি, শুধু চরিত্রগুলো বদলেছে।

‘ব্র্যান্ডিং নয়, দায়বদ্ধতা প্রয়োজন’

গাভাস্কারের মতে, এখন নারী ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর নামে কর্পোরেট দুনিয়া এবং রাজনীতিবিদদের অনেকেই নিজেদের ব্র্যান্ড প্রচারে ব্যস্ত।

আজ যারা বিজ্ঞাপনে মুখ লাগিয়ে অভিনন্দন দিচ্ছে, কাল তাদের অধিকাংশই তোমাদের আর খোঁজও নেবে না। এই ভণ্ডামির মধ্যে নিজেদের হারিয়ে ফেলো না,—বলেছেন তিনি।

তবে হতাশ না হয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। যদি কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয়, মন খারাপ করো না। তোমাদের জয়ের প্রকৃত পুরস্কার তোমাদের ক্রীড়াচেতনা, তোমাদের আত্মবিশ্বাস। যারা ব্যবহার করবে, তারা সময়ের সঙ্গে হারিয়ে যাবে—তোমরা টিকে থাকবে ইতিহাসে।

তার এই মন্তব্য ভারতের ক্রীড়া অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ একে বাস্তবসম্মত সতর্কবার্তা বলছেন, আবার অনেকে মনে করছেন, এই বক্তব্য আসলে ক্রিকেট প্রশাসন ও কর্পোরেট সংস্কৃতির প্রতি একধরনের পরোক্ষ আঘাত।

গাভাস্কারের লেখার শেষ লাইনটি যেন পুরো দেশের জন্যই এক শিক্ষা, সম্মান কাগজে নয়, কাজে প্রাপ্য। আর সাফল্য টিকিয়ে রাখাই আসল প্রতিশোধ।

জেএইচআর