জয়ের কাছে গিয়েও হারল সিলেট, শীর্ষে ফিরল রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:৫৯ পিএম
জয়ের কাছে গিয়েও হারল সিলেট, শীর্ষে ফিরল রাজশাহী

চলমান বিপিএলের উদ্বোধনী ম্যাচে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল সিলেট, কিন্তু জয়ের খুব কাছে গিয়েও শেষ হাসি হাসা হলো না তাদের। 

শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্সের কাছে ৫ রানে হেরে মাঠ ছাড়তে হয়েছে সিলেটকে। এ জয়ের ফলে চট্টগ্রামকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে আরোহণ করল নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় সিলেট। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। ইনিংসের শুরুতেই তৌফিক খান ৪ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন।

প্রাথমিক বিপর্যয় সামলে দলের হাল ধরেন অভিজ্ঞ মুমিনুল হক ও তরুণ পারভেজ হোসেন ইমন। তবে ইনিংস বড় করতে পারেননি কেউ। ৩০ বলে ৪১ রান করে ইমন এবং ৩৬ বলে ৩১ রান করে মুমিনুল আউট হলে বড় ধাক্কা খায় সিলেট। মাঝে আফিফ হোসেন ১৬ ও ইথান ব্রুকস ১ রান করে বিদায় নিলে চাপ আরও বাড়ে।

শেষ দিকে মঈন আলী ১২ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আশা জাগালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ ওভারে জয়ের জন্য ১১ রান প্রয়োজন হলেও শহিদুল ইসলামের ১১ রানের ধীরগতির ইনিংসে ভর করে ১৪২ রানেই থেমে যায় সিলেটের ইনিংস।

রাজশাহীর জয়ে বল হাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন রিপন মন্ডল। তিনি একাই শিকার করেন ৪টি উইকেট। এ ছাড়াও বিনুরা ফার্নান্দো দুটি এবং রুয়ে মিয়া, গাফফার সাকলাইন ও জিমি নিশাম একটি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

ইএইচ