ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ৫৩ বছরে পা দিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) জন্মদিন উপলক্ষে তিনি মুম্বাইয়ের নিজ বাসভবনে পরিবার ও ভক্তদের সঙ্গে বিশেষভাবে দিনটি উদযাপন করেন।
জন্মদিনের শুরুতেই পরিবারকে সঙ্গে নিয়ে সময় কাটান টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি স্ত্রী অঞ্জলি, মা এবং পোষা কুকুরের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “মা, অঞ্জলি আর এই দুষ্টুর সঙ্গে দিনটা শুরু। এর চেয়ে বেশি আর কী চাই!”
এদিকে প্রিয় এই ক্রিকেটারের জন্মদিন ঘিরে সকাল থেকেই তার বাসার সামনে জড়ো হন শত শত ভক্ত। তাদের উপস্থিতিতে তিনি কেক কাটেন, ভক্তদের সঙ্গে সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন।
১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম নেওয়া টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক। তার মোট রান ৩৪,৩৫৭। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।
ক্যারিয়ারের শুরুতে ৭৯ ম্যাচ পর্যন্ত ওয়ানডে সেঞ্চুরি না পেলেও পরবর্তীতে তিনি গড়েছেন একের পর এক রেকর্ড।
দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি খেলেছেন রেকর্ড ২০০টি টেস্ট ম্যাচ। এই ফরম্যাটে তার রান ১৫,৯২১ এবং সেঞ্চুরি ৫১টি, যা এখনো সর্বোচ্চ।
ওয়ানডে ক্রিকেটেও তার আধিপত্য ছিল স্পষ্ট। ১৯৯৮ সালে এক ক্যালেন্ডার বছরে ১,৮৯৪ রান ও ৯টি সেঞ্চুরি করে তিনি অনন্য এক রেকর্ড গড়েন, যা আজও কেউ ভাঙতে পারেনি।
সব ফরম্যাট মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ৭৬টি ম্যাচসেরা পুরস্কার, ২৬৪টি অর্ধশতক, ৪,০৭৬টি চার এবং ২৮ বার নব্বইয়ের ঘরে আউট হওয়ার ঘটনা।
ক্রিকেটপ্রেমীদের কাছে শচীন টেন্ডুলকার শুধু একজন খেলোয়াড় নন, বরং এক আবেগের নাম। “ক্রিকেটের ঈশ্বর” হিসেবে পরিচিত এই কিংবদন্তি এখনো কোটি ভক্তের অনুপ্রেরণা হয়ে আছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন