সিরিজ হারলেও আইসিসি র‍্যাংকিংয়ে উন্নতি জ্যোতি-নাহিদাদের

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:১৮ পিএম
সিরিজ হারলেও আইসিসি র‍্যাংকিংয়ে উন্নতি জ্যোতি-নাহিদাদের

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ফলাফল আশানুরূপ না হলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। যার ইতিবাচক প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত সাপ্তাহিক র‍্যাংকিংয়ে।

মঙ্গলবার প্রকাশিত তালিকায় বড় ধরনের উন্নতি করেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ সোবহানা মোস্তারি ও নাহিদা আক্তাররা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৮ এবং শেষ ম্যাচে ৪০ রানের লড়াকু ইনিংস খেলে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বর্তমানে ৩৫তম স্থানে রয়েছেন। অন্যদিকে, শেষ ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ৭৪ রানের ইনিংস খেলে সোবহানা মোস্তারি পাঁচ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন। এছাড়াও আট ধাপ উন্নতি করে ৮৩তম স্থানে জায়গা করে নিয়েছেন রিতু মণি।

বোলারদের মধ্যে সবচেয়ে নজরকাড়া উন্নতি করেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। দ্বিতীয় ওয়ানডেতে ২১ রানে ৪ উইকেট শিকারের সুবাদে তিনি দুই ধাপ এগিয়ে এখন বিশ্বের ১১ নম্বর বোলার। তরুণ পেসার মারুফা খাতুনও পিছিয়ে নেই; ছয় ধাপ এগিয়ে তিনি এখন ৩৭তম স্থানে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন সুলতানা খাতুন, যিনি এক লাফে ১৬ ধাপ এগিয়ে ৪৪তম অবস্থানে পৌঁছেছেন।

দলগতভাবে সিরিজ হারলেও ব্যক্তিগত অর্জনের এই ধারাবাহিকতা নারী দলের আত্মবিশ্বাস জোগাবে। বিশেষ করে বোলিং ইউনিটের এই উন্নতি ভবিষ্যতে বড় দলগুলোর বিপক্ষে লড়তে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর