পিএসএল ফাইনাল

টস জিতে ফিল্ডিংয়ে পেশোয়ার, একাদশে নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:৫৫ পিএম
টস জিতে ফিল্ডিংয়ে পেশোয়ার, একাদশে নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা নির্ধারণী ম্যাচে হায়দরাবাদ কিংসমানসের মুখোমুখি হয়েছে পেশোয়ার জালমি। গুরুত্বপূর্ণ এই ফাইনালে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পেশোয়ারের অধিনায়ক বাবর আজম। শিরোপার লড়াইয়ে আজ পেশোয়ারের মূল একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের কারণে আসরের মাঝপথে দেশে ফিরতে হয়েছিল নাহিদ রানাকে। পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হলেও পিএসএলের অনাপত্তি পত্র (এনওসি) পেতে কিছুটা বিলম্ব হয়। তবে পেশোয়ার ফাইনালে ওঠায় শেষ মুহূর্তে খেলার অনুমতি পান তিনি এবং দ্বিতীয় দফায় দলের সঙ্গে যোগ দিয়েই একাদশে ডাক পেলেন এই গতি তারকা।

এবারের আসরে পেশোয়ারের জার্সিতে বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন নাহিদ। ফাইনালের আগে ৫ ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ৭টি উইকেট। বিশেষ করে তার নিয়ন্ত্রিত বোলিং (ইকোনমি রেট ৫.৪২) নজর কেড়েছে ক্রিকেট বিশ্লেষকদের।

পেশোয়ার জালমি একাদশ: বাবর আজম (অধিনায়ক), কুশল মেন্ডিস, মোহাম্মদ হারিস, মাইকেল ব্রেসওয়েল, আব্দুল সামাদ, অ্যারন হার্ডি, ইফতিখার আহমেদ, ফারহান ইউসুফ, সুফিয়ান মুকিম, মোহাম্মদ বাসিত এবং নাহিদ রানা।

হায়দরাবাদ কিংসমানস একাদশ: মাজ সাদাকাত, মার্নাশ ল্যাবুশেন, সাইম আইয়ুব, গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খান, কুশল পেরেরা, হাসান খান, ইরফান খান, হুনাইন শাহ, মোহাম্মদ আলী এবং আকিফ জাভেদ।

জেএইচআর