ইংলিশ প্রিমিয়ারশিপ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী হঠাৎ করেই ঢাকায় আসছেন। মঙ্গলবার তিনি বাংলাদেশে পৌঁছাতে পারেন বলে জানা গেছে। এবারের সফরটি মূলত ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা যায়, ইংল্যান্ডে ফুটবল মৌসুম শেষ হওয়ায় বর্তমানে ছুটিতে রয়েছেন এই ফুটবলার। সেই অবসরের সময়টাকে কাজে লাগিয়ে তিনি কয়েক দিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন।
ফুটবল সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এটি জাতীয় দলের কোনো ক্যাম্প বা ফিফা উইন্ডো-সম্পর্কিত সফর নয়। বরং পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগেই তার এই ঢাকা সফর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছে, হামজার এই আগমন সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত অবগত নয়। তবে ধারণা করা হচ্ছে, তিনি ঢাকায় চার থেকে পাঁচ দিন অবস্থান করতে পারেন এবং কিছু বাণিজ্যিক কার্যক্রমে অংশ নিতে পারেন।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, হামজা চৌধুরীর সফরটি ব্যক্তিগত পর্যায়ের। ফেডারেশনের সঙ্গে এটি সরাসরি কোনো আয়োজন নয়। তবে ঢাকায় অবস্থানকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে।
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ম্যাচ রয়েছে। সেই ম্যাচকে সামনে রেখে ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন