ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাকে আসন্ন আসরে দেখতে চান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নিজের জায়গা নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাওয়া নেইমার জুনিয়র-কে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
পডকাস্ট অনুষ্ঠান ‘লো দেল পোলো শো’ এ কথা বলতে গিয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বলেন, ‘বিশ্বকাপে সব সময় সেরা খেলোয়াড়দেরই দেখতে চাই। নেইমার ফর্মে থাকুক বা না থাকুক, সে সব সময়ই সেরাদের একজন। ব্রাজিল দলের জন্য এবং বিশ্ব ফুটবলের জন্য তার গুরুত্ব অনেক। তাই তাকে বিশ্বকাপে দেখা দারুণ হবে। আমি আশা করি সে সেখানে থাকবে। যদিও এই বিষয়ে পুরোপুরি নিরপেক্ষ থাকা আমার জন্য কঠিন।
দীর্ঘ সময় একসঙ্গে খেলার কারণে নেইমারের প্রতি নিজের আবেগের কথাও স্বীকার করেছেন মেসি। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনা এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্যারিস সেইন্ট জার্মেইন-এ একই দলে খেলেছেন তারা। সেই বন্ধুত্বের প্রসঙ্গ টেনে মেসি বলেন, নেইমার আমার বন্ধু। তাই স্বাভাবিকভাবেই আমি চাই সে বিশ্বকাপে খেলুক। মানুষ হিসেবেও সে দারুণ। তার ভালো কিছুই প্রাপ্য।
নেইমারের ব্যক্তিত্ব নিয়েও প্রশংসা করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তার ভাষায়, সে খুবই স্বাভাবিক এবং প্রাণবন্ত একজন মানুষ। নিজের অনুভূতি লুকিয়ে রাখে না, যেমনটা মনে করে ঠিক সেভাবেই জীবন কাটায়।
বিশ্বকাপের সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দল নিয়েও কথা বলেছেন মেসি। তার মতে, এবারের আসরে স্পেন জাতীয় ফুটবল দল ও ফ্রান্স জাতীয় ফুটবল দল অন্যতম শক্তিশালী দল। পাশাপাশি ব্রাজিল জাতীয় ফুটবল দল-কেও তিনি ফেভারিটদের কাতারে রেখেছেন।
মেসি বলেন, বিশ্বকাপ সব সময়ই কঠিন প্রতিযোগিতা। কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ-যেকোনো টুর্নামেন্টে আর্জেন্টিনার মানুষের মতো আমরাও শিরোপার আশা করি। তবে এটাও মানতে হবে, বর্তমানে কিছু দল আমাদের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন