আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। ৪৮টি দলের অংশগ্রহণে এবারের টুর্নামেন্টটি হবে এ যাবৎকালের দীর্ঘতম ও বিস্তৃত ফুটবল উৎসব। তবে আসর শুরুর এক মাস বাকি থাকলেও বাংলাদেশে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে এখনো কোনো সুখবর মেলেনি।
এখন পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কিংবা দেশের কোনো বেসরকারি টিভি চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিশ্চিত করতে পারেনি। ফিফার নিয়ম অনুযায়ী, স্বত্ব না কিনলে কোনো দেশেই বিদেশি সম্প্রচার সরাসরি প্রচার করার সুযোগ নেই।
জানা গেছে, ২০২৬ বিশ্বকাপের জন্য বাংলাদেশে সম্প্রচার স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক পিটিই লিমিটেড’। বাংলাদেশি যেকোনো চ্যানেলকে তাদের মাধ্যমেই লাইসেন্স সংগ্রহ করতে হবে।
বিটিভি সূত্রে জানা যায়, বিশ্বকাপের পূর্ণাঙ্গ সম্প্রচার স্বত্বের মূল্য প্রায় ১৫১ কোটি টাকা। এর সাথে কর ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করলে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি। চুক্তির শর্তানুসারে, মোট অর্থের অর্ধেক ১০ মে-র মধ্যে পরিশোধ করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। বাকি অর্ধেক টাকা ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।
এত বিপুল অঙ্কের টাকা খরচের বিষয়ে সরকারি মহলে আলোচনা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিটিভিকে সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে বিকল্প কোনো কম খরুচে সমাধান পাওয়া যায় কি না, তা যাচাই করার পরামর্শ দিয়েছে। তবে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
ফুটবল প্রেমীদের আশঙ্কা, সরকার বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান দ্রুত সম্প্রচার স্বত্ব নিশ্চিত করতে না পারলে কোটি কোটি বাংলাদেশি দর্শক এবারের বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন