ফরাসি ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। টানা পঞ্চমবারের মতো লিগ ওয়ান শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে লুইস এনরিকের দল। শিরোপা নিশ্চিত করতে তাদের জন্য ড্রই যথেষ্ট ছিল, তবে লেঁসের মাঠে তারা আরও আক্রমণাত্মক ফুটবল খেলেই ২-০ গোলের জয় তুলে নেয় এবং আনুষ্ঠানিকভাবে শিরোপা নিশ্চিত করে।
৩৩ ম্যাচ শেষে পিএসজির সংগ্রহ দাঁড়ায় ৭৬ পয়েন্টে। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লেঁসের পয়েন্ট ৬৭। হাতে আর একটি করে ম্যাচ বাকি থাকলেও ৯ পয়েন্টের ব্যবধান থাকায় লেঁসের পক্ষে আর শিরোপার লড়াইয়ে ফেরা সম্ভব হয়নি। ফলে এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয় প্যারিসের ক্লাবটি।
ম্যাচের ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জর্জিয়ান উইঙ্গার খভিচা কাভারাতসখেলিয়া। যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন সেনেগালের তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে। জয় নিশ্চিত হওয়ার পর পিএসজি তারকা উসমান দেম্বেলে জানান, দলের এখন মূল লক্ষ্য ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালের বিপক্ষে শিরোপা জেতা।
২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর এটি লুইস এনরিকের অধীনে পিএসজির তৃতীয় লিগ শিরোপা। এরই মধ্যে দলটি ফ্রেঞ্চ সুপার কাপও জিতেছে। ফলে এবার ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে ফরাসি জায়ান্টরা।
কাতারি মালিকানায় আসার পর গত ১৪ বছরে পিএসজি ১২টি লিগ শিরোপা জিতেছে। ফরাসি ফুটবলে তাদের আধিপত্য এখন আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন