দীর্ঘ প্রায় দুই দশকের সম্পর্কের অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন দলের অধিনায়ক দানি কারভাহাল। স্প্যানিশ এই ডিফেন্ডার চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ।
২০০২ সালে রিয়ালের যুব একাডেমিতে যোগ দেন কারভাহাল। পরে ২০১৩ সালে মূল দলে জায়গা করে নিয়ে ক্লাবটির ইতিহাসে অন্যতম সফল ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ক্লাবের এক বিবৃতিতে কারভাহালকে বিশ্ব ফুটবল ও রিয়াল মাদ্রিদের অন্যতম কিংবদন্তি হিসেবে উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
৩৪ বছর বয়সী এই ফুটবলারের চলতি মৌসুমটা কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন মাত্র ২২টি ম্যাচ।
স্পেন জাতীয় দলের জার্সিতে ইউরো ও নেশনস লিগ জেতা কারভাহাল ক্যারিয়ারের শেষ দিকে দেশের বাইরে নতুন অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানা গেছে।
রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, দানি কারভাহাল সবসময় ক্লাবের মূল্যবোধ ধারণ করেছেন। তিনি রিয়াল মাদ্রিদের প্রতীক এবং এই ক্লাব সবসময়ই তার নিজের ঘর হয়ে থাকবে।
রিয়ালের হয়ে কারভাহালের অর্জনের তালিকা বেশ সমৃদ্ধ। ক্লাবটির জার্সিতে তিনি মোট ২৭টি শিরোপা জিতেছেন। ইতিহাসের অল্প কয়েকজন ফুটবলারের একজন হিসেবে ছয়বার ইউরোপসেরা ক্লাব প্রতিযোগিতার শিরোপা জয়ের কীর্তিও রয়েছে তার।
২০২৪ সালের ইউরোপসেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনালে গোল করে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।
এ ছাড়া তার অর্জনের ঝুলিতে রয়েছে ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপীয় সুপার কাপ, চারটি লা লিগা, দুটি স্প্যানিশ কাপ এবং চারটি স্প্যানিশ সুপার কাপ।
শনিবার (২৩ মে) মৌসুমের শেষ লিগ ম্যাচে সমর্থকদের সামনে শেষবারের মতো রিয়ালের জার্সিতে মাঠে নামবেন কারভাহাল। ৪৫০ ম্যাচ ও ১৪ গোলের স্মরণীয় অধ্যায়ের পর তাকে বিদায় জানাতে প্রস্তুত সান্তিয়াগো বার্নাব্যু।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন