গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে এই হার সত্ত্বেও গ্রুপ ‘বি’ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে দলটি।
রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের হয়ে গোল করেন পিয়ারি, লিন্ডা ও মালাভিকা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমে উঠলেও প্রথমার্ধের ৩৫তম মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত। এরপর সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর বাংলাদেশের খেলায় ছন্দপতন দেখা যায়। আক্রমণে সুযোগ নষ্ট করার পাশাপাশি রক্ষণভাগেও একাধিক ভুল করে দলটি। সেই সুযোগ কাজে লাগিয়ে আরও দুটি গোল আদায় করে নেয় ভারত। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে দ্বিতীয় স্থান নিয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত নেপাল সাফের গত সাত আসরের মধ্যে ছয়বার ফাইনাল খেলেছে। এবারও দলটি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।
তাই ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন এক চ্যালেঞ্জ।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন