পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৯:২১ পিএম
পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ

প্রথম মিনিটেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারত, কিংবা শেষ বাঁশির ঠিক আগে গ্যালারিতে নামতে পারত বিষাদের ছায়া। তবে মালদ্বীপে চলমান চার জাতির ডায়মন্ড জুবিলি টুর্নামেন্টে পাকিস্তান ও বাংলাদেশ অলিম্পিক দলের মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। ফরোয়ার্ডদের একের পর এক সুযোগ হাতছাড়া করার মহড়া আর গোলপোস্টের নিচে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের চমৎকার নৈপুণ্যে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দুই দল।

মালে স্টেডিয়ামে ম্যাচের বয়স যখন মাত্র এক মিনিট, তখনই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। নাজমুল ফয়সালের বাড়ানো ক্রস থেকে ডি-বক্সের ভেতর সৌরভ দেওয়ানের আলতো শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। শুরুর ধাক্কা সামলে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ফিনিশিংয়ের দুর্বলতায় বারবার গোলবঞ্চিত হতে হয়।

ম্যাচের ২৮ মিনিটে সহজতম সুযোগটি হাতছাড়া করেন মুরশেদ আলী। রাহুলের পাসের পর সামনে কেবল প্রতিপক্ষ গোলরক্ষক থাকলেও মুরশেদ সরাসরি তাঁর শরীর বরাবর শট নেন। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে রাব্বিকে ফাউল করা হলেও রেফারির সাড়া না মেলায় পেনাল্টি থেকে বঞ্চিত হয় বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশ অধিনায়ক মঞ্জুরুর রহমানকে পুশ করায় পাকিস্তানি ডিফেন্ডার সৈয়দ আব্দুল্লাহ শাহকে রেফারি প্রথমে লাল কার্ড দেখালেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে হলুদ কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত না হওয়ার স্বস্তিতে এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে পাকিস্তান।

ম্যাচের ৬৬ মিনিটে আলী হায়দার শাহের দুর্দান্ত সাইড ভলি ডান দিকে লাফিয়ে উঠে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ। ম্যাচের শেষ মিনিটেও ফাহিম হামিদের গতিময় বুলেট শট আটকে দিয়ে বাংলাদেশের জাল অক্ষত রাখেন তিনি। আক্রমণভাগের ব্যর্থতার দিনে মূলত শ্রাবণের অসাধারণ দৃঢ়তাই শেষ পর্যন্ত একটি পয়েন্ট এনে দিয়েছে বাংলাদেশকে।

জেএইচআর