ম্যারাডোনার ফুটবল বিশ্বকাপ

কোটি ডলারে জার্সি বিক্রি হলেও সেই বিখ্যাত বল কেন অবিক্রিত?

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:৩৩ পিএম
কোটি ডলারে জার্সি বিক্রি হলেও সেই বিখ্যাত বল কেন অবিক্রিত?

ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোলের কথা মনে আছে? কিংবা চোখের পলকে ছয়জন প্রতিপক্ষকে পরাস্ত করে করা সেই শতাব্দীর সেরা গোলের কথা? একটু পেছনে ফিরে তাকালে চোখের সামনে ভেসে উঠবে একটিই মুখ- আর্জেন্টাইন ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনা। 

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেডের পরিবর্তে হাত দিয়ে কুখ্যাত সেই গোল করে ম্যারাডোনা যেমন তীব্র সমালোচিত হয়েছিলেন, ঠিক তার খানিক বাদেই মাঝমাঠ থেকে এক অবিশ্বাস্য দৌড়ে ফুটবলপ্রেমীদের হৃদয়ে অমরত্ব পেয়ে যান।

নিজেদের সীমানা থেকে প্রতিপক্ষের ডি-বক্স পর্যন্ত প্রায় ৬২ মিটার দূর থেকে বল নিয়ে, মাত্র ১৩ বার বল স্পর্শ করে ইংল্যান্ডের রক্ষণভাগ ও গোলরক্ষকসহ মোট ছয়জনকে একা পরাস্ত করে জাদুকরী এক গোল করেন ম্যারাডোনা। ম্যাচ শেষে নিজের প্রথম গোলটির বিতর্ক আরও উসকে দিয়ে তিনি বলেছিলেন, কিছুটা ম্যারাডোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাত। ফুটবল ইতিহাসে যা পরবর্তীতে ‘হ্যান্ড অব গড’ নামে স্থায়ী জায়গা করে নেয়।

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ওই জয়ের পর আর্জেন্টিনা ও ম্যারাডোনাকে থামানো যায়নি। পুরো প্রতিযোগিতায় নিজে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও পাঁচটি গোল। ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩–২ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টিনা।

তবে ফুটবলপ্রেমীদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, সেই ঐতিহাসিক ম্যাচের বলটি এখন কোথায় আছে? বহু বছর পর জানা যায়, ম্যাচ শেষে সেই কোয়ার্টার ফাইনালের ব্যবহৃত বিশেষ অ্যাডিডাস ম্যাচ বলটি নিজের কাছেই রেখে দিয়েছিলেন তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের। 

২০২২ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ম্যারাডোনার পরা ঐতিহাসিক জার্সিটি নিলামে রেকর্ড ৯.২৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়, যা ছিল সে সময় পর্যন্ত যেকোনো ক্রীড়া স্মারকের জন্য সর্বোচ্চ মূল্য। জার্সির এই আকাশচুম্বী দাম দেখে অনুপ্রাণিত হয়ে রেফারি আলি বিন নাসেরও নিজের কাছে থাকা সেই বিখ্যাত বলটি লন্ডনের একটি বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে তুলতে রাজি হন।

বিশ্বজুড়ে তুমুল আগ্রহ তৈরি হলেও নিলামের দিন বলটির জন্য সর্বোচ্চ ২.৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ কোটি টাকার বেশি) পর্যন্ত দর উঠেছিল। কিন্তু বলটির প্রকৃত মালিক ও নিলামকারী প্রতিষ্ঠানের নির্ধারিত ন্যূনতম সংরক্ষিত মূল্য বা রিজার্ভ প্রাইস স্পর্শ করতে না পারায় বলটি শেষ পর্যন্ত বিক্রি করা সম্ভব হয়নি। ফলে ফুটবল ইতিহাসের সেই অবিস্মরণীয় ‘হ্যান্ড অব গড’ ছোঁয়া বলটি এখনও অবিক্রিত অবস্থায় তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসেরের ব্যক্তিগত সংগ্রহেই যত্নে রক্ষিত রয়েছে।

এএন