বিসিবির নতুন কমিটির দায়িত্ব বণ্টন, কে কোন পদ পেলেন?

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০১:০৫ এএম
বিসিবির নতুন কমিটির দায়িত্ব বণ্টন, কে কোন পদ পেলেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দায়িত্ব গ্রহণের পরই তিনি বোর্ড পরিচালকদের নিয়ে প্রথম সভা করেন এবং বিভিন্ন স্থায়ী কমিটির দায়িত্ব বণ্টন করেন।

রোববার (৭ জুন) অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হওয়ার পর সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন তামিম। এর আগে তিনি প্রায় দুই মাস অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিসিবির নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্যে জেলা ও বিভাগীয় পর্যায় থেকে ১০ জন, ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে একজন পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন আরও দুই পরিচালক।

তবে নির্বাচনের পরদিনই রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

মঙ্গলবার (৯ জুন) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে ২৪ জন পরিচালকের উপস্থিতিতে প্রথম বোর্ড সভায় সভাপতিত্ব করেন তামিম ইকবাল। সভায় বোর্ডের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটির দায়িত্ব নির্ধারণ করা হয়।

দায়িত্ব বণ্টন অনুযায়ী, ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব নিজেই পালন করবেন তামিম ইকবাল। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে ইসরাফিল খসরুকে এবং গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।

এইজ গ্রুপ কমিটির দায়িত্বে থাকবেন মিনহাজুল আবেদীন নান্নু ও শফিকুল আলম। মার্কেটিং কমিটির নেতৃত্ব দেবেন আসাদুজ্জামান ও আসিফ রব্বানী।

ডিসিপ্লিনারি কমিটির দায়িত্ব পেয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী ও মির্জা ফয়সল আমীন। হাই পারফরম্যান্স ও গ্রাউন্ডস কমিটির প্রধান করা হয়েছে শাহনিয়ান তানিমকে।

মেডিক্যাল কমিটির দায়িত্বে রয়েছেন ডাক্তার মাহবুব শামীম এবং আম্পায়ার্স কমিটির নেতৃত্বে থাকবেন মির্জা ইয়াসির আব্বাস। ওয়েলফেয়ার্স কমিটির দায়িত্ব পেয়েছেন শেখ রুহুল আমিন।

টেন্ডার অ্যান্ড পারসেজ কমিটি এবং সিকিউরিটি কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে সাঈদ ইব্রাহিম আহমেদকে। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির নেতৃত্বে থাকবেন আসিফ রব্বানী।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে। অডিট কমিটির দায়িত্বে রয়েছেন সাইদ বিন জামান সৌরভ।

লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির দায়িত্ব যৌথভাবে পালন করবেন ইয়াসির ফয়সাল ও ইসরাফিল খসরু। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের দায়িত্ব দেওয়া হয়েছে মঈন উদ্দিন চৌধুরীকে।

এ ছাড়া উইমেন্স উইংয়ের দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম বাবু এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির নেতৃত্বে থাকবেন এস এম আবদুল্লাহ আল ফুয়াদ।

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সভাতেই তামিম ইকবাল বোর্ডের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে দায়িত্ব বণ্টনের এই উদ্যোগ নেন।

এম জি