মাঠে তিনি ম্যাজিক দেখান, প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরমার করেন, আবেগ আর ফুটবলকে মেলান এক সুতোয়। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের বড় জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। একই সঙ্গে তিনি ছুঁয়েছেন বিশ্বকাপ ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডও।
তবে এই রেকর্ডের চেয়েও বেশি আলোচনায় এসেছে প্রথম গোলের পরের মুহূর্ত। গোল উদযাপনের পর মাঠেই কাঁদতে দেখা যায় এই আর্জেন্টাইন মহাতারকাকে। এতে ভক্তদের মনে প্রশ্ন ওঠে-কেন এই কান্না?
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই আবেগঘন মুহূর্তের ব্যাখ্যা দেন মেসি নিজেই। তিনি জানান, এই কান্নার পেছনে কোনো ফুটবলীয় কারণ ছিল না, বরং ছিল ব্যক্তিগত ও পারিবারিকভাবে কঠিন এক সময়ের চাপ।
৩৮ বছর বয়সী এই অধিনায়ক বলেন, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে কয়েকদিন তিনি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, যা খেলার সঙ্গে সম্পর্কিত নয়। তবে নির্দিষ্ট বিষয়টি তিনি প্রকাশ করেননি। একই সঙ্গে তিনি সতীর্থ এবং আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা সেই সময়ে তার পাশে ছিলেন।
মেসির মতে, দল তাকে মানসিকভাবে শক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে, যার ফলেই তিনি মাঠে এমন পারফরম্যান্স দিতে পেরেছেন।
কোচ লিওনেল স্কালোনি বলেন, মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই-তিনি অবিশ্বাস্য।
সব মিলিয়ে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর এই ম্যাচ শুধু একটি জয় নয়, বরং মেসির আবেগ, সংগ্রাম আর মানবিক দিকের এক গভীর প্রতিচ্ছবি হয়ে থাকল।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন