লিওনেল মেসি

কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৮:৩৭ এএম
কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর তিনি স্বীকার করেছেন, পুরো ম্যাচজুড়েই প্রতিপক্ষ তাদের চাপে রেখেছিল এবং আর্জেন্টিনা পরিকল্পনামাফিক খেলতে পারেনি।

ম্যাচ শেষে মেসি বলেন, কেপ ভার্দে এমন একটি দল, যারা শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে যায়। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে সেট পিস থেকে গোল আদায় করতে পারাই আর্জেন্টিনার জন্য বড় পার্থক্য গড়ে দিয়েছে।

‘আমরা সেট পিসের সুযোগগুলো কাজে লাগাতে পেরেছি, যা আগে ঠিকভাবে করতে পারছিলাম না। এই ধরনের ম্যাচে এমন সুযোগ কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলে হেডে ভালো খেলতে পারে এমন কয়েকজন ফুটবলার আছে। আক্রমণ ও রক্ষণ—দুই ক্ষেত্রেই আমরা এই দিকটি নিয়ে কাজ করেছি, আর আজ তার ফল পেয়েছি,’ বলেন মেসি।

তবে নিজের দলের দুর্বলতার কথাও লুকাননি আর্জেন্টাইন অধিনায়ক। তার মতে, কেপ ভার্দের ওপর কার্যকর চাপ তৈরি করতে না পারায় ম্যাচটি কঠিন হয়ে ওঠে।

‘আমরা ঠিকভাবে প্রেস করতে পারিনি। মাঝেমধ্যে রক্ষণ থেকে উঠে প্রতিপক্ষের সেন্টার-ব্যাকদের চাপে ফেলতে গেলে দুই লাইনের মধ্যে অনেক ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল। ফলে তারা সহজেই খেলার নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে,’ বিশ্লেষণ করেন তিনি।

মেসির ভাষায়, আর্জেন্টিনা বেশ অগোছালো ফুটবল খেলেছে এবং সেই সুযোগই কাজে লাগিয়েছে কেপ ভার্দে।

‘আমরা সংগঠিত ছিলাম না। তারা প্রায় সবসময়ই সংখ্যায় এগিয়ে ছিল। এমনকি বল তাদের দখলে না থাকলেও আমাদের সারাক্ষণ দৌড় করিয়েছে, কারণ আমরা কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারিনি,’ বলেন তিনি।

কেপ ভার্দেকে নিয়ে আগে থেকেই সতর্ক ছিলেন বলেও জানান মেসি। তার মতে, সাম্প্রতিক সময়ে দলটির পারফরম্যান্সই বলে দিচ্ছিল ম্যাচটি সহজ হবে না।

‘আমরা জানতাম তারা কঠিন প্রতিপক্ষ। স্পেন ও উরুগুয়ের মতো দলের বিপক্ষে তাদের ফলাফলই সেটা প্রমাণ করেছে। প্রথম গোল করার পর মনে হয়েছিল ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে। কিন্তু বাস্তবে আমরা বলের দখল হারিয়েছি, রক্ষণাত্মক হয়ে পড়েছি এবং নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি,’ বলেন তিনি।

তবে জয় থেকে ইতিবাচক দিকও খুঁজে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। তার মতে, নকআউট পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফল নিশ্চিত করা এবং ভুলগুলো দ্রুত শুধরে নেওয়া।

‘এটি এমন একটি প্রতিযোগিতা, যেখানে কোনো দলই সহজে হার মানে না। প্রতিটি ম্যাচই কঠিন। আজ আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন প্রয়োজন বিশ্রাম নেওয়া, ইতিবাচক বিষয়গুলো ধরে রাখা এবং যেসব ভুল করেছি, সেগুলো দ্রুত সংশোধন করা,’ যোগ করেন মেসি।

এএন