আমার সংবাদ ডেস্ক
জুন ৯, ২০২৬, ০৬:২৮ পিএম
দেশে বর্তমানে বৈধভাবে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, এই সিমগুলো দেশের চারটি মোবাইল অপারেটর কোম্পানির মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, ডাক বিভাগের সেবাকে আরও সহজলভ্য করতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকআপ পয়েন্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে উপযুক্ত স্থান নির্ধারণের কাজ শুরু হয়েছে।
তিনি জানান, ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডাক সেবার আধুনিকায়নের অংশ হিসেবে বর্তমানে ভূমি দলিল, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স হোম ডেলিভারি কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি ই-কমার্স পণ্যের ক্যাশ অন ডেলিভারি সেবা চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক সংক্রান্ত ভিডিও মামলা ও নোটিশ ডাকযোগে পাঠানো হচ্ছে এবং রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধাও চালু করা হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, ডাক বিভাগের মাধ্যমে স্বল্প খরচে চিঠি, পার্সেল, ইএমএস সেবা এবং বিদেশে পার্সেল পাঠানোর সুবিধা চালু রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে কম খরচে দ্রুত সময়ে মৌসুমি ফল পরিবহন করা হচ্ছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ডাক বিভাগের সেবা আরও আধুনিক, দ্রুত ও কার্যকর হবে।
এম জি