কন্যাসন্তানের মা হলেন ডায়না

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ২৬, ২০২২, ০২:৫৮ এএম

টিভি নাটক ও সিনেমার অভিনেত্রী নূসরাত জাহান ডায়না গেলো শুক্রবার আমেরিকার স্থানীয় সময় দুপুর ১২.৪০ মিনিটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। 

আমেরিকার লসঅ্যাঞ্জেলসের একটি হাসাপাতালের ডা. এমিটুইটের তত্ত্বাবধানে এক কন্যাসন্তানের জন্ম দেন ডায়না। গতকাল সকালে (বাংলাদেশ সময়) আমেরিকা থেকে এ বিষয়ে বিস্তারিত জানান তিনি। ডায়না জানান, তার মেয়ের নাম রাখা হয়েছে নিয়ানা। 

ডায়না ২০২০ সালে আমেরিকা গেছেন। সেখানে তার স্বামী গোলাম কিবরিয়া মেরিন সার্ভেয়ার হিসেবে কর্মরত। যে কারণে ডায়নাকেও সেখানে থাকতে হচ্ছে। 

ফেসবুক ম্যাসেঞ্জারে ডায়না আমেরিকা থেকে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ঠিক এ মুহূর্তে আম্মুকে খুব মিস করছি। আম্মু পাশে থাকলে কোনো চিন্তাই থাকত না। 

এখানে আমি একা, একা সবকিছু সামলে নেয়া খুব কঠিন। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। কিবরিয়ার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা। শত ঝামেলার মধ্যেও সন্তানের জন্য আলাদা সময় বের করেছেন। আমার প্রথম সন্তান নূহাদও খুব খুশি বোন পেয়ে। 

সবার কাছে দোয়া চাই বিশেষত যারা আমার পরিচিত, দেশে যারা আছেন এবং আমার কাজের যারা দর্শক ছিলেন, আছেন— তাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে, আমার পরিবারকে ভালো রাখেন। আর আমি যেন আমার পুত্র-কন্যাকে মানুষের মতো মানুষ করতে পারি।’ ডায়না অভিনীত প্রথম জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘আলতা সুন্দরী’। 

এরপর তিনি ‘রাক্ষসী’, ‘চোরাই ধন, ‘বাজি’, ‘কাঁটা’, ‘বুমেরাং’, ‘মন ফড়িং-এর গল্প’, ‘হিমগিরিতে ঝরাপালক’, ‘অপরাজিতা’, ‘মুম্বাসা’, ‘দখিনায়নের দিন’, ‘এ শহর জাদুর শহর’, ‘লাভ ফাইনালি’, ‘যোগাযোগ গোলযোগ’, ‘আমি তুমি তুমি আমি’, ‘তোমায় দিলাম পৃথিবী’, ‘শান্তি অধিদপ্তর’, ‘সম্রাট’. ‘সাহসিকা’, ‘ভ্যাগাবন্ড’, ‘সেই পথে’, ‘নবাব-এর প্রেম’সহ আরও বহু নাটকে অভিনয় করেছেন। 

বলা যায়, বহু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন ডায়না। তার অভিনীত প্রথম সিনেমাপ খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’। এরপর তিনি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালনায় ‘গেরিলা’ সিনেমায় অভিনয় করেছেন। 

উল্লেখ্য, গোলাম কিবরিয়াকে ডায়না ২০০৯ সালের ৩০ ডিসেম্বর বিয়ে করেন। তাদের প্রথম সন্তান নূহাদের জন্ম হয় ২০১১ সালের ২৯ এপ্রিল। ২০১৫ সালে ডায়না নয়নমনি কালচারাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন।