পুরো দেশ হাওয়ায় ভাসছে। স্বয়ং ‘হাওয়া’ সিনেমার নায়িকাও ভাসছেন এ হাওয়ায়। কারণ, সিনেমাটি মুক্তির পর থেকে ‘গুলতি’ চরিত্রে অভিনয়ের জন্য প্রচুর মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন এবং কুড়াচ্ছেন প্রশংসা। এমনটা এবারই প্রথম ঘটেছে তুষির জীবনে। যার কারণে আবেগী হয়ে পড়েছেন রীতিমতো।
তুষি বলেন, এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা। আমি এ রকম দেখিনি আগে; মানুষের এত ভালোবাসা, সবার এত আগ্রহ। আসলেই আমাদের এই সিনেমাটি দর্শকরাই প্রমোশন করেছেন। তাদের যে এত আগ্রহ, এটাতে যেমন আনন্দ লাগছে— তেমন ভয়ও লাগছে, আমার মিশ্র অনুভূতি হচ্ছে। আমি জানি না কী বলব।
অভিনেত্রী আরও বলেন, ‘হাওয়া’ হচ্ছে আমার প্রথম ভিন্নধর্মী চরিত্রের কাজ। আমি বলব এটা দিয়ে ক্যারিয়ারের জার্নি শুরু। সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো করার। যখন ‘হাওয়া’র সঙ্গে যুক্ত হলাম, তখন জীবন-যাপনের মধ্যে ছিলাম না।
আমি বলব, অভিনয় শিল্পী হয়ে ওঠার স্কুলিং হচ্ছে ‘হাওয়া’। সিনেমাটি করার আগে কোনো থিয়েটার, কোনো ধরনের অভিনয়ের কর্মশালা, অভিনয় কীভাবে করতে হয়— সে রাস্তাটা আমি জানতাম না। এই সিনেমার মাধ্যমে সেটা শিখেছি।
আমার ডিরেক্টর, টিম সাপোর্ট করেছে। এখন সবার ভালো লাগলেই আমাদের কষ্ট-জার্নি সফল হবে। আশা করি আপনাদের এই ভালোবাসা জারি থাকবে। তুষি অভিনীত প্রথম সিনেমা ‘আইসক্রিম’। এ ছাড়াও তিনি ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন।