নিয়ম মেনেই মুক্তি পাক ‘বর্ডার’ অধরা খান

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০৪:৫২ এএম

আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এ প্রজন্মের দর্শকপ্রিয় নায়িকা অধরা খান অভিনীত সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘বর্ডার’। কিন্তু যেহেতু সিনেমাটি বাংলাদেশ ভারতের মানুষের জীবনযাত্রা এবং এ অঞ্চলের মানুষের চোরাচালানকে কেন্দ্র করে নির্মিত, তাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটি দেখার পর আপাতত সেন্সর সার্টিফিকেট প্রদান করা থেকে বিরত আছে।

সূত্রে জানা গেছে, সিনেমাটি সেন্সর বোর্ডের চেয়ারম্যান দেখবেন, এরপর সিনেমাটি মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। এমনও হতে পারে, সিনেমাটিতে বড় রকমের সংশোধনী আসতে পারে যাতে নতুন করে আবারও শুটিং করতে হতে পারে।

পরিচালক সৈকত নাসিরের ভাষ্য এমন, সম্মানিত সেন্সর বোর্ডের আদেশক্রমে যা সিনেমাটির প্রদর্শন করার জন্য উপযুক্ত মনে হবে, আমরা সে মোতাবেক রেডি করে সিনেমা হলেই সিনেমাটি মুক্তি দেব ইনশাআল্লাাহ্। এই সিনেমার মধ্যদিয়েই এক বছর পর সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছিল অধরা খান অভিনীত কোনো সিনেমা।

এর আগে অধরা অভিনীত ‘নায়ক’, ‘মাতাল’ ও ‘পাগলের মতো ভালোবাসি’ নামে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘বর্ডার’ হতে যাচ্ছিল তার মুক্তিপ্রাপ্ত চার নম্বর সিনেমা। কিন্তু এরইমধ্যে এই সিনেমা মুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মন খারাপ অধরা খানেরও।

অধরা খান বলেন, ‘কিছু কিছু সিনেমার ক্ষেত্রে অনেক সময় কারেকশন আসে। এখনো পুরোপুরি কোনো সিদ্ধান্ত আসেনি যে, বর্ডারের ক্ষেত্রে কী হতে যাচ্ছে। তবে যদি কোনো কারেকশন দেয়া হয়, তবে আমার বিশ্বাস কারেকশনের পরও দর্শক তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন।

যেহেতু এই সিনেমাতে আমি একজন নেত্রীর ভূমিকায় অভিনয় করেছি, আমি আমার চরিত্রটি নিয়েও ভীষণ আশাবাদী। চরিত্রটিতে অভিনয়ের জন্য অনেক কষ্ট করেছি, শ্রম দিয়েছি।

বলা যেতে পারে, এই সিনেমা মুক্তি পেলে একজন অভিনেত্রী হিসেবে হয়তো আরও স্বীকৃতি পাব দর্শকের কাছ থেকে। নিজেকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাব।

তাই একজন শিল্পী হিসেবে আমি চাইবো সেন্সর বোর্ডের নিয়ম মেনেই সিনেমাটি মুক্তি পাক। দর্শক একটি ভালো গল্পের সিনেমা, একজন নির্মাতার কষ্টের সিনেমা হলে গিয়ে উপভোগ করুক।’

একজন শিল্পী হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে ‘বর্ডার’ সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হবার কারণে এরইমধ্যে অধরা প্রচারণাতেও নেমে গিয়েছিলেন। কিন্তু আপাতত সেন্সর বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় তিনি।