এবার ক্যামেরার পেছনে শাহনূর

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ০১:৪৪ এএম

চিত্রনায়িকা শাহনূর। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও ছোটপর্দার কাজের সঙ্গে যুক্ত। অভিনয়ের বাইরে এই অভিনেত্রী সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার সেবামূলক কাজের পরিধি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছেছে।

এবার এই অভিনেত্রী কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে। সরকারি অনুদানে নির্মিত ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ সিনেমায় তিনি সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী এবং সহকারী পরিচালক হিসেবে। শাহনূর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দীর্ঘদিন আমার সুপ্ত বাসনা ছিল ক্যামেরার পেছনে কাজ শেখার।

নিজেকে সৌভাগ্যবান মনে করি আমার সুপ্ত বাসনাকে বাস্তবে রূপ দিচ্ছেন ছটকু ভাই। আর বিশেষ করে সহকারী পরিচালক হিসেবে সরকারি অনুদানের সিনেমায় সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। ছটকু আহমেদের মতো কিংবদন্তি চিত্রপরিচালকের সহকারী পরিচালক হিসেবে সুযোগ পেয়ে আমার কাজের উৎসাহ দ্বিগুণ হয়ে গেছে।