দ্বিতীয়বারের মতো মা হলেন হাসিন রওশন

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০১:৫৫ এএম

অভিনেত্রী হাসিন রওশন ও মারুফুল ইসলাম দম্পতির প্রথম সন্তান ছিল উযায়ের মাঈন। এরই মধ্যে এই দম্পতির ঘর আলোকিত করে দ্বিতীয় সন্তান উমায়ের মাঈনেরও জন্ম হয়েছে। দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসায় ভীষণ খুশি হাসিন ও তার স্বামী।

হাসিন বলেন, ‘ আলহামদুলিল্লাহ, অবশেষে আমার শরীরের নিখোঁজ আরেকটি অংশ খুঁজে পেলাম। এটি আর কেউ নয়, আমার নবজাতক সন্তান উমায়ের মাঈন। আপনাদের প্রার্থনার মধ্যে আমাদের রাখবেন। আর আমাদের সন্তানদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওদের সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি আর মারুফ দু’জনের চেষ্টায় যেন ওদের মানুষের মতো মানুষ করতে পারি।’ প্রথম প্রেগনেন্সির সময়টা হাসিন উপভোগ করতে পারেননি। কিন্তু দ্বিতীয়বারের প্রেগনেন্সির সময়টা তিনি দারুণ উপভোগ করেছেন বলে জানান।

তার ভাষ্যমতো তিনি তার জীবনের সেরা সময়টাই পার করে দ্বিতীয় সন্তানকে কোলে নিয়েছেন। আর এখন পরিবারে দুই ছেলে সন্তান নিয়ে সদস্য সংখ্যা চারজন। ভালোলাগাটাতেও যেন পরিপূর্ণতা এলো। কারণ বড় সন্তান ওযায়ের পেয়েছে খেলার সঙ্গী।

হাসিন জানান, উযায়ের উমায়েরকে পেয়ে ভীষণ খুশি। হাসিনের একটি ইন্টেরিয়র ফার্ম আছে, নাম-পার স্কোয়ার ফিট। এর বয়স সাত বছর। এখানেই তাকে প্রচুর সময় দিতে হয়। মূলত মিডিয়ার কাজ ছাড়ার পরপরই এ নিয়ে তিনি ব্যস্ত হয়ে উঠেন। এই ফার্ম এবং সংসার-দুই নিয়েই ভীষণ ব্যস্ততা তার। হাসিন ভীষণ ঘুরতে পছন্দ করেন।

হাসিন বলেন, ‘নীল আকাশ দেখতে ভীষণ ভালোলাগে আমার। লন্ডনে যেহেতু আমার বোনের বাসা সেই সূত্রে আমার ছয় মাস পরপর যাওয়া হয় সেখানে।

ল্লন আমার ভীষণ প্রিয়ও বটে। সুযোগ পেলেই সেখানে চলে যাই।’  হাসিনের ভাষ্যমতে মানুষের জীবনের চাওয়া পাওয়ার হিসেব নিকেশ বদলে যায়। তাই সময়ের ধারাবাহিকতায় দর্শক এখনো তাকে মনে রেখেছেন-এটাই যেন অনেক বড় প্রাপ্তি তার।

২০১১ সালে তাহের শিপনের পরিচালনায় নোবেলের বিপরীতে ‘আমাদের ছোট নদী’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এর পরপরই তিনি সকাল আহমেদ’র পরিচালনায় ‘নরম রোদের ওম’ নাটকে অভিনয় করেন মাহফুজ আহমেদ’র বিপরীতে। তার প্রথম সন্তান উযায়েরের জন্ম ২০১৭ সালের ৩ ডিসেম্বর। আরটিভি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হাসিন রওশন আর কিছুদিনের মধ্যেই দ্বিতীয়াবারের মতো মা হতে যাচ্ছেন।